ফুটবল বিশ্বকাপে সবচেয়ে কম বয়সে খেলার রেকর্ড এখনও উত্তর আয়ারল্যান্ডের নরম্যান হোয়াইটসাইডের দখলে। ১৯৮২ সালের স্পেন বিশ্বকাপে তিনি মাত্র ১৭ বছর ৪১ দিন বয়সে মাঠে নেমে ইতিহাস গড়েছিলেন। এক সময় এই রেকর্ড ছিল ব্রাজিলের কিংবদন্তি পেলের দখলেও, তিনি বিশ্বকাপে খেলেছিলেন ১৭ বছর ২৩৫ দিন বয়সে।
এবারের ফিফা বিশ্বকাপ ২০২৬-এও উঠে আসছে এক কিশোর প্রতিভার নাম। যৌথ আয়োজক মেক্সিকোর দলে জায়গা করে নেওয়া ১৭ বছর বয়সী গিলবার্তো রাফায়েল মোরা জামব্রানো হতে পারেন এই আসরের সবচেয়ে কম বয়সী ফুটবলার।
২০০৮ সালের ১৪ অক্টোবর জন্ম নেওয়া এই অ্যাটাকিং মিডফিল্ডার সিনিয়র দলে অভিষেক করেছেন মাত্র এক বছর আগে। ইতোমধ্যে জাতীয় দলের হয়ে ৮টি ম্যাচ খেলেই জায়গা করে নিয়েছেন বিশ্বকাপ স্কোয়াডে। সুযোগ পেলে ঘরের মাঠের বিশ্বকাপে ঝলক দেখানোর বড় মঞ্চ পাবেন তিনি।
তবে মোরা খেললেও বয়সের কারণে তিনি হোয়াইটসাইডের রেকর্ড ভাঙতে পারবেন না। কারণ বিশ্বকাপে তার সম্ভাব্য বয়স হবে ১৭ বছর ২৪০ দিন। তবুও ইতিহাসের পাতায় সবচেয়ে কম বয়সী অংশগ্রহণকারীদের তালিকায় থাকবে তার নাম।
মেক্সিকোর ক্লাব তিজুয়ানার যুব দল থেকে উঠে আসা মোরা ইতোমধ্যেই সিনিয়র দলে অর্ধশত ম্যাচ খেলেছেন এবং একটি গোল্ডকাপও জিতেছেন। তার দ্রুত উন্নতি মেক্সিকান ফুটবলের ভবিষ্যৎ নিয়ে নতুন আশার আলো জ্বালিয়েছে।
এবারের বিশ্বকাপে আরও কয়েকজন তরুণ প্রতিভাও নজর কাড়তে প্রস্তুত। চেক প্রজাতন্ত্রের হুগো সোচুরেক (১৮ বছর ৪ দিন), জার্মানির লেনার্ট কার্ল (১৮ বছর ১০৯ দিন) এবং সেনেগালের ইব্রাহিম এমবায়ে (১৮ বছর ১৩৮ দিন)।

