ঢাকা, বুধবার, মার্চ ৪, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ফেরদৌসের বিরুদ্ধে আবারও যৌন হয়রানির অভিযোগ

প্রানের সংবাদ ডেস্ক

প্রকাশিত: ০৫ জুলাই, ২০২৫, ০৬:৫৫ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ফেরদৌসের বিরুদ্ধে আবারও যৌন হয়রানির অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান ও অধ্যাপক ড. মোহাম্মদ ফেরদৌসের বিরুদ্ধে নতুন করে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগটি করেছেন উক্ত ডিপার্টমেন্টেরই ৪র্থ বর্ষের একজন নারী শিক্ষার্থী, যার পরিচয় গোপন রাখা হয়েছে তার নিরাপত্তা ও গোপনীয়তার স্বার্থে।

অভিযোগ পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট একটি ফ্যাক্টস-ফাইন্ডিং  কমিটি গঠন করেছে। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সহকারী প্রক্টর ড. এনামুল হক সজীব, এবং সদস্য হিসেবে রয়েছেন রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. ফরিদা বেগম ও পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাফর আহমেদ খান।

উল্লেখ্য, এর আগেও ২০২৪ সালে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের এক ছাত্রী ড. ফেরদৌসের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। প্রাথমিক তদন্তে অভিযোগটির সত্যতা পাওয়া গেলে তাকে অস্থায়ীভাবে একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পরবর্তীতে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের 'যৌন হয়রানি প্রতিরোধ সেল'-এ প্রেরণ করা হয়। তবে, সেই তদন্ত প্রক্রিয়া হঠাৎ স্থগিত হয়ে যায়, এবং এখনো চূড়ান্ত প্রতিবেদন প্রকাশিত হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি।

এছাড়াও ২০২৪ সালে ফলিত গণিত বিভাগের আরেক নারী শিক্ষার্থীও অধ্যাপক ড. মোহাম্মদ ফেরদৌসের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। 

এ ধরনের অভিযোগ বারবার ওঠায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ তৈরি হয়েছে এবং অনেকেই বিশ্ববিদ্যালয়ের জবাবদিহিতা ও স্বচ্ছতা সম্পর্কে প্রশ্ন তুলেছেন।